ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ওমর ফারুক নামে এক ব্যক্তি গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক নেত্রকোনার পূর্বধলা উপজেলার গাইলারা গ্রামের মো. ইসলাম উদ্দিন আকন্দের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।