ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ রোমন হায়দার, ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায়,মেয়ের বিয়ের কেনাকাটার জন্য নিয়ে আসা হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের তৎপরতায় ফিরে পেয়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তাদের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় তারা সড়কের ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে টাকার বান্ডিলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন তারা।

এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বললে তিনি নিজের পরিচয় দেন মো. তাজুল ইসলাম (৬৫) হিসেবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছিলেন।
তাজুল ইসলাম জানান, কাউতলী মোড়ে আসার পর সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা নগদ ৫০ হাজার টাকা অসাবধানতাবশত কোথাও পড়ে যায়।
পরে পুলিশ সদস্যরা তার কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। বৃদ্ধের দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার পরিমাণ ও বর্ণনার পুরোপুরি মিল পাওয়া যায়।
সাক্ষীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা ৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোট, অর্থাৎ মোট ৫০ হাজার টাকা প্রকৃত মালিক মো. তাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশের এই উদ্যোগকে দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।