বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের ৩৭ সদস্যের কমিটি গঠন।

মো:রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি (DNB)
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সালাউদ্দিন পাভেলকে আহ্বায়ক, শহীদ শিকদারকে যুগ্ম আহ্বায়ক এবং জহিরুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধারিয়ারচর বাজারস্থ বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন পাভেল।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু। বক্তব্যে তিনি বলেন, গণসংহতি আন্দোলনের রাজনীতি কৃষক, শ্রমিক, খেটে খাওয়া ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের রাজনীতি। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ইউনিয়নের সব জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, এমন নেতৃত্ব প্রয়োজন যারা শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
বাঞ্ছারামপুরের বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরে দলের উপজেলা সমন্বয়ক শামীম শিবলী বলেন, দলমত নির্বিশেষে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে নগরীর চর কান্দাপাড়া থেকে ধারিয়ারচর বাজার পর্যন্ত একটি সংযোগ সেতু নির্মাণের দাবি জানান তিনি।
নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন পাভেল বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সুশৃঙ্খলভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গঠনে তারা কাজ করে যাবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া, মানিকপুর ইউনিয়নের সমন্বয়ক রকিক উদ্দিন, ছলিমাবাদ ইউনিয়নের সদস্য আল আমীন, রূপসদী ইউনিয়নের সদস্য লিটন ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবগঠিত ৩৭ সদস্যের কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে বিল্লাল হোসেন, গোলাম নবী, আল আমীন, ফাহিমা বেগমসহ আরও ৩৩ জন রয়েছেন।