বাঞ্ছারামপুর সোনারামপুর বাজারে মানববন্ধন: গোফনদী খনন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ এলাকাবাসী।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): “এই নদী আমাদের এলাকার মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে মিশে আছে। কোনো সিদ্ধান্তের কারণে আমরা বাড়িঘর ও জনজীবন ঝুঁকির মধ্যে পড়ুক—এটা চাই না।” এমন উদ্বেগের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের বাসিন্দারা।
মেঘনার শাখা গোফনদী খনন বা কাটা বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সোনারামপুর বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এলাকার উন্নয়ন ও নদীর গতিপথ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে নানা মত থাকলেও, বসতবাড়ি, জননিরাপত্তা ও পরিবেশ রক্ষার প্রশ্নে সবাই ছিলেন ঐক্যবদ্ধ।
মানববন্ধনে বক্তারা বলেন, গোফনদী খনন বা কাটা হলে নদীতীরবর্তী বহু পরিবার বসতবাড়ি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। এতে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গোফনদী এলাকার মানুষের যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই নদী খননের মতো বড় কোনো উদ্যোগ নেওয়ার আগে স্থানীয় মানুষের মতামত নেওয়া এবং সরেজমিনে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
আয়োজকদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, সরেজমিন তদন্ত এবং স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয় মানুষের বসতবাড়ি, নিরাপত্তা ও পরিবেশের বিষয়টি বিবেচনায় না নিয়ে কোনোভাবেই গোফনদীতে এক্সকাভেটর চালাতে দেওয়া হবে না।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সোনারামপুরের বাসিন্দারা।