বাঞ্ছারামপুরে ইয়াবা আনতে রাজি না হওয়ায় স্কুলছাত্র ও বাবাকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি মোঃ রোমন হায়দার , ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবা এনে দিতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধর এবং পরে তার বাবাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঞ্ছারামপুর থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।আহত স্কুলছাত্র আল-আমীন (অষ্টম শ্রেণি, রোল-৪০, শাখা-বি) বাঞ্ছারামপুর এস এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম দুলাল মিয়া। তাদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপা থানার কালাই কিশোর এলাকায়। বর্তমানে তারা বাঞ্ছারামপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় বসবাস করছেন।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইয়াসিন (পিতা: ইদ্রিস মিয়া, সাং: মালিপাড়া) ও তার সহযোগী রিফাত (পিতা: ছেদু মিয়া, সাং: ঈদগাহপাড়া) স্কুলছাত্র আল-আমীনকে ইয়াবা এনে দিতে বলেন। আল-আমীন স্কুলে ক্লাস থাকার কথা জানিয়ে ইয়াবা আনতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।পরে বিষয়টি আল-আমীন তার বাবা দুলাল মিয়াকে জানালে তিনি অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় অভিযুক্তরা আল-আমীন ও তার বাবা দুলাল মিয়াকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।এতে আল-আমীনের হাত ও হাতের জোড়ায় গুরুতর আঘাত লাগে। তার বাবা দুলাল মিয়াও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে জানা গেছে।ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।