সৌদি আরবে চার দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের তারেক মিয়া,সন্ধান চায় পরিবারের।


বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোঃ রোমন হায়দার
সৌদি আরবের জেদ্দা শহরের সরেফিয়া এলাকা থেকে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের প্রবাসী তারেক মিয়া। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ তারেক মিয়া হোগলাকান্দি গ্রামের মো. সেদু মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থান করে গাড়িতে ফুল ডেলিভারির কাজ করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় চার দিন আগে জেদ্দার সরেফিয়া এলাকা থেকে তারেক মিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
তারেক মিয়ার নিখোঁজের ঘটনায় দেশে থাকা পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তার সন্ধান পেতে সৌদি আরবে থাকা আত্মীয়-স্বজন ও পরিচিতদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।
তারেক মিয়ার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।