বাঞ্ছারামপুরে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পূর্বপাড়া ৪৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার।


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার,(বাঞ্ছারামপুর): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হনুফার বাড়ির উঠান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— জয়কালীপুর পূর্বপাড়ার তানভীর (১৯), তেজখালী ইউনিয়নের জয়নগর বিলপাড়ার বাবু মিয়া (২১) এবং হিজলিয়াকান্দি এলাকার শুভ আহমেদ অন্তর (১৯)।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।