বাঞ্ছারামপুর ভেলানগরে মাদকের তথ্য প্রকাশের জেরে যুবককে হুমকির অভিযোগ, ভেলানগরে উত্তেজনা।

বাঞ্ছারামপুর প্রতিনিধি:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এক যুবককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক অভিযানে কয়েকজনকে আটক করা হলেও কথিত মূল হোতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একজনকে আটকের পর তিনি কাইয়ূম নামে এক ব্যক্তির নাম প্রকাশ করেন। এরপর নিজের নাম প্রকাশ এবং সহযোগীদের বিষয়ে তথ্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাইয়ূম ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ছয়ফুল্লাকান্দি বিলপাড় এলাকায় অলি নামে এক যুবককে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও মুছে না ফেললে তাকে মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনায় ভেলানগরের যুবসমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় মাদক নির্মূলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা বলেন, অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।
স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজ জানিয়েছেন, মাদক-সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।