বাঞ্ছারামপুর তিতাসে প্রস্তাবিত সেতুর ডিও লেটার গ্রহণ, বাস্তবায়নের আশায় দুই ইউনিয়নের বাসিন্দারা।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর বাজার থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলিখি পর্যন্ত তিতাস নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। প্রকল্পটির ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এমপি-এর কাছ থেকে ডিও লেটারটি গ্রহণ করেন তেজখালী ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক (শিশু)।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দুই উপজেলার মানুষ। সেতুটি নির্মিত হলে বাঞ্ছারামপুর ও নবীনগরের মধ্যে যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের প্রত্যাশা।
স্থানীয়রা বলেন, প্রস্তাবিত সেতুর ডিও লেটার গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তারা দ্রুত প্রকল্পটির অনুমোদন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন এবং নির্মাণকাজ শুরুর দাবি জানান।
সেতুটি বাস্তবায়িত হলে তিতাস নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।