বাঞ্ছারামপুর আইন-শৃঙ্খলা সভায় ইউনিয়ন পরিষদগুলোকে গ্রাম আদালতে পেন্ডিং মামলা নিষ্পত্তি ও এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতে পরিচালনার নির্দেশনা

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্যে গ্রাম আদালতের আওতাভুক্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি স্থানীয়ভাবে অনানুষ্ঠানিক সালিসের পরিবর্তে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সব মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাসে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও গ্রাম আদালত পরিচালনায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।