News
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, তদন্তের কথা বললেন কর্তৃপক্ষ রঞ্জণ বর্মন।
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতির কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের রুবি বেগম গত ২৩ জুলাই রাত ১০টার দিকে স্বাভাবিক প্রসবের জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে রাত ১১টার দিকে সফলভাবে তার স্বাভাবিক (নরমাল) প্রসব সম্পন্ন হয়। চিকিৎসা শেষে মা ও নবজাতক সুস্থ থাকায় স্বজনরা তাদের বাড়িতে নিয়ে যান।
এদিকে, পরে স্থানীয় এক ব্যক্তি প্রসূতির মায়ের বক্তব্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হাসপাতালের আয়া ও নার্সদের বিরুদ্ধে প্রসব করাতে ৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়।
বিষয়টি নিয়ে নিশ্চিত হতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় রোগীর বোন জানান, তাদের কাছ থেকে ৪ হাজার টাকা দাবি বা আদায় করার অভিযোগ সঠিক নয়।
তিনি বলেন, “আমাদের মা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তিনি না জেনে এমন বক্তব্য দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় আয়াকে ২০০ টাকা এবং যিনি ডেলিভারি করিয়েছেন তাকে জোর করে ৫০০ টাকা দিয়েছি। তিনি নিতে চাইছিলেন না। পরে আমরা মাকে বলেছি, না জেনে কেন এমন কথা বলেছেন।”
এ বিষয়ে ডা. রঞ্জন বর্মন বলেন, “যদি তদন্তে আয়া বা নার্সের বিরুদ্ধে অর্থ নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে, মিথ্যা তথ্য প্রচারের বিষয়টিও সবার সামনে তুলে ধরা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।