বাঞ্ছারামপুর উজানচর রাধানগরে চাঁদার দাবির মানসিক চাপে কৃষক সালাউদ্দিনের মৃ/ত্যু/র অভিযোগ।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ডেইলি নিউজ বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে চাঁদার দাবির কারণে সৃষ্ট মানসিক চাপে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সালাউদ্দিন মিয়া (৬০) উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধানগর গ্রামের মৃত আয়েছ আলী (আক্কু হাজী)-এর ছেলে।

নিহতের পরিবারের দাবি, শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে জিলানী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন ধরে গ্রামের কফিল উদ্দিন ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শনিবার তাকে কিছু সময় আটকে রাখা হয়। পরে এক আত্মীয়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হলে বাড়ি ফেরার পথে প্রায় ১০০ গজ দূরে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনদের দাবি, অতিরিক্ত মানসিক চাপ ও আতঙ্কের কারণে সালাউদ্দিন মিয়া স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত কফিল উদ্দিনের বক্তব্য জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, স্থানীয়দের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।