ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেওদুনিয়া বিলে ডাকাতদের হামলায় জেলে নিহত, আহত ২; আটক ১, অভিযান চলছে।

স্টাফ রিপোর্টার মো রোমন হায়দার| ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দেওদুনিয়া বিলে মাছ ধরতে গিয়ে সশস্ত্র ডাকাতদলের হামলায় আলী আহম্মদ (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মো. শরীফ (২২) ও একই এলাকার জাহাঙ্গীর (৪৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ডাকাতচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে দেওদুনিয়া বিল থেকে আলী আহম্মদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহত আলী আহম্মদ বিজয়নগর উপজেলার চুরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং অলফত আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে আলী আহম্মদ, তার ছেলে শরীফ এবং প্রতিবেশী জাহাঙ্গীর একটি নৌকায় করে দেওদুনিয়া বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বড় নৌকায় করে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আলী আহম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার মরদেহ বিলের পানিতে ফেলে দেয়। তার ছেলে শরীফকেও কুপিয়ে গুরুতর আহত করে পানিতে নিক্ষেপ করা হয়। অপর জেলে জাহাঙ্গীরকে একটি নৌকার সঙ্গে বেঁধে রেখে ডাকাতরা মাছ ধরার নৌকা, জাল ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
পরে আহত শরীফ কোনোভাবে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে শনিবার দুপুরে আলী আহম্মদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বর্তমানে আহত শরীফ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, আহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, “দেওদুনিয়া বিল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাকাতচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের দাবি, দেওদুনিয়া বিলে দীর্ঘদিন ধরে গভীর রাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বিল এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং ডাকাতচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।