ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতির পর মোহাম্মদ আলীর মৃত্যু


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | নিজস্ব প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া

৬টি হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ; লাঠির আঘাতের অভিযোগ, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁস কেনাবেচার টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে হাতাহাতির ঘটনায় মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী উপজেলার সাতগাঁও গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন অভিযুক্ত দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাচ্চাগুলো বাড়িতে নেওয়ার পর দুটি মারা যায়। এরপর মোহাম্মদ আলী ও তার স্ত্রী কয়েকজনকে সঙ্গে নিয়ে অবশিষ্ট হাঁসের বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে অভিযুক্ত দুধ মিয়া তার বসতঘর থেকে একটি লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে দুধ মিয়ার স্ত্রী স্বামীর হাত থেকে লাঠিটি নিয়ে মোহাম্মদ আলীর মাথা ও ঘাড়ে আঘাত করেন বলে স্থানীয়দের দাবি। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে অভিযুক্ত দুধ মিয়ার মা হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করে বলেন, “মোহাম্মদ আলী হাঁসের বাচ্চা ফেরত দিতে এসেছিল, তবে আমি ঘরে ছিলাম। মারামারির ঘটনা দেখিনি।”বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।