যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| বাঞ্ছারামপুর
যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ।
সরকারি সফরকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “কার্যকর কর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধি” শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে কর্মসংস্থান, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতি তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাঞ্ছারামপুর থেকে আগত শতাধিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী ফুলের তোড়া নিয়ে তাকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, “জননেতা জোনায়েদ সাকি এমপি দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।”
সংবর্ধনার জবাবে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।