রাজধানীতে মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে আছাড়, ঢামেকে মৃত্যু; বাবা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট:ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাস বয়সী শিশু রাফা মনি ওরফে কবিতাকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফা মনি ওই দম্পতির একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।
শিশুটির মা লিমা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তারা তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করেন। পারিবারিক বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কবির হোসেন তার কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন।
স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়েই প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ হতো।তথ্য চিত্রে বিস্তারিত চ্যানেল২৪.টিভি সাংবাদিক এর মতে,ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই অভিযুক্ত বাবা কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আছাড় মারেন। তিনি মাদকাসক্ত বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং কবির হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।