বাঞ্ছারামপুর ছলিমাবাদ চোরের পরিচয় নিয়ে বিভ্রান্তি, সাতবিলা গ্রামের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ সাইদুর ইসলামের।

নিজস্ব প্রতিনিধি|ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের নাম ব্যবহার করে এক ব্যক্তিকে চোর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইদুর ইসলাম ও মাহাবুব ইসলাম মনির এ ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে ভুলভাবে সাতবিলা গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক ফারুক আহমেদের ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়, “সে ছলিমাবাদ (সাতবিলা) গ্রামের, কেউ কি তাকে চিনেন? পরিচয় নিশ্চিত করুন।”
সাইদুর ইসলামের দাবি, বিষয়টি জানার পর তিনি ছলিমাবাদ ইউনিয়ন জাসাসের সভাপতি এম এ সালামের সঙ্গে যোগাযোগ করেন। এম এ সালাম জানান, তিনি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন। পরবর্তীতে সাতবিলা গ্রামের মাহাবুব ইসলাম মনির বিষয়টি নিয়ে আপত্তি জানালে এম এ সালাম প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি কবির হোসেন, তিনি আশ্রাফবাদ গ্রামের আমির হোসেনের ছেলে। বর্তমানে তিনি নিলখী এলাকায় বসবাস করেন। তাদের অভিযোগ, কবির হোসেন অতীতেও বিভিন্ন স্থানে চুরির সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঞ্ছারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুনহাটি গ্রামে চুরি করতে গিয়ে কবির হোসেন গ্রামবাসীর হাতে আটক হন।
স্থানীয়রা ভবিষ্যতে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন, যাতে নির্দোষ কোনো ব্যক্তি বা গ্রামের সুনাম ক্ষুণ্ন না হয়।
উল্লেখ্য: অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আইনগতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।