নরসিংদীতে ঘুমন্ত দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ আপন চাচির বিরুদ্ধে, গোপন ক্যামেরার ভিডিও ভাইরাল
ডেইলি নিউজ ডেস্ক:নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাস বয়সী এক ঘুমন্ত শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জহিরুল হক ও সায়েবা বেগমের দ্বিতীয় ছেলে সন্তানের জন্মের পর থেকেই শিশুটির সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছিল। শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজ বা বাথরুমে গেলে সে হঠাৎ তীব্র কান্নায় ভেঙে পড়ত। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকদিন আগে মা সায়েবা বেগম ঘরের ভেতরে একটি মোবাইল ফোনে গোপনে ভিডিও রেকর্ডিং চালু রেখে বাইরে যান।
পরিবারের দাবি, ধারণকৃত ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতির সুযোগে শিশুটির আপন চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। এরপর শিশুটি ব্যথায় চিৎকার করে কেঁদে ওঠে।
ভিডিওটি দেখার পর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এই ঘটনাকে অমানবিক উল্লেখ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার সব দিক তদন্তসাপেক্ষ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও পারিবারিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি আলোচনায় এসেছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।