নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার মূল হোতা সফিক ডাকাত গ্রেপ্তার, ঢাকার কামরাঙ্গীরচর থেকে আটক।


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৩ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে নির্যাতনের আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত কুখ্যাত সফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত সফিককে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ মে নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকায় তথ্য সংগ্রহে যায় র‍্যাবের একটি গোয়েন্দা দল। এ সময় সফিক ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তিন র‍্যাব সদস্যকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
হামলার পর থেকেই প্রধান অভিযুক্ত সফিক ডাকাত আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‍্যাব জানায়, নবীনগরের খাগাতুয়া গ্রামের বাসিন্দা সফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
র‍্যাবের দাবি, এই গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত হামলার ঘটনায় তদন্তে নতুন গতি আসবে এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।