কুমিল্লার শিক্ষা বোর্ডে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৬: বিলম্ব ফিসহ নিয়ম ও সময়সীমা ঘোষণা
নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার|কুমিল্লা শিক্ষা বোর্ড
২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফিসহ বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত এই সময়সীমার পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে শিক্ষার্থীদের ফি প্রদান করতে হবে। ফি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য (e-SIF) অনলাইনে যথাযথভাবে পূরণ নিশ্চিত করতে হবে।
ফি-এর বিস্তারিত বিবরণ:
শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি অনুযায়ী, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট ফি ২৫ টাকা, গার্ল গাইডস ফি ১৫ টাকা, রেডক্রিসেন্ট ফি ৮ টাকা এবং বিলম্ব ফি হিসেবে ৫০ টাকা যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থী প্রতি মোট ফি ধরা হয়েছে ১৪৮ টাকা।
প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশনা:
বিজ্ঞপ্তিতে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে বা কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বোর্ড কর্তৃপক্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা মেনে জরুরি ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
কুমিল্লা বোর্ডের আওতাধীন সকল নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও মাধ্যমিকযুক্ত উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই বিজ্ঞপ্তিটির অনুলিপি পাঠানো হয়েছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।