বাঞ্ছারামপুরে ‘ভুয়া চিকিৎসক’ আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শহীদুল্লাহ


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল্লাহ নামে এক নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্ট। রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাঞ্ছারামপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে শহীদুল্লাহ জানান, গত ৭ জুলাই উপজেলা সদরে বাঞ্ছারামপুর সরকারি কলেজের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘হাজী মোকলেসুর রহমান আই কেয়ার’-এ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়, যা তার দাবি অনুযায়ী বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, অভিযানের সময় তাৎক্ষণিকভাবে তার প্রয়োজনীয় সনদপত্র ও নিবন্ধনের কাগজপত্র উপস্থাপন করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে তিনি দীর্ঘদিন ধরে সরকার অনুমোদিত নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমাধারী অপ্টোমেট্রিস্ট হিসেবে নিয়ম অনুযায়ী সেবা দিয়ে আসছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে শহীদুল্লাহ বলেন, “আমি সরকারিভাবে নিবন্ধিত একজন কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্ট। আমার প্রয়োজনীয় সনদপত্র রয়েছে। তা সত্ত্বেও আমাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচার করায় আমি সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।