বাঞ্ছারামপুর দরিয়াদৌলত (দ:প) স: প্রাথমিক বিদ্যালয়ে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, হাঁটু পানি ভেঙে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের হাঁটুসমান পানি ভেঙে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ে প্রবেশের একমাত্র পথ জলমগ্ন হয়ে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বেড়ে যায়।


বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, দীর্ঘদিন ধরে মাঠটি নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। দ্রুত মাঠে বালু ভরাট করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠে দ্রুত বালু ভরাট করা জরুরি।
এলাকাবাসী বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম-এর কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত মাঠ সংস্কার ও বালু ভরাটের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগের অবসান হবে।