বাঞ্ছারামপুরের কৃতি সন্তান রোকসিন্দা ফারহানা যুগ্ম সচিব পদে পদোন্নতি, এলাকাজুড়ে আনন্দ


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার|বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কৃতি সন্তান রোকসিন্দা ফারহানা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ পদোন্নতিতে বাঞ্ছারামপুরজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোকসিন্দা ফারহানাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
রূপসদী গ্রামের বাসিন্দারা জানান, রোকসিন্দা ফারহানার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাঞ্ছারামপুর উপজেলার জন্য গর্বের বিষয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাঁর পদোন্নতি এলাকার তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা ও সরকারি প্রশাসনে ক্যারিয়ার গড়তে নতুন করে অনুপ্রাণিত করবে।
স্থানীয় বিশিষ্টজনদের ভাষ্য, মেধা, সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে রোকসিন্দা ফারহানা দীর্ঘ কর্মজীবনে একজন দক্ষ ও সৎ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যুগ্ম সচিব পদে তাঁর পদোন্নতি সেই নিষ্ঠা ও দক্ষতারই যথার্থ স্বীকৃতি।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে রোকসিন্দা ফারহানা আরও সফলতার সঙ্গে দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে তাঁর এই সাফল্য বাঞ্ছারামপুরের সুনাম দেশব্যাপী আরও উজ্জ্বল করবে।
রূপসদী গ্রামের এই কৃতী সন্তানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাঞ্ছারামপুরবাসী।