বাঞ্ছারামপুরে নাতির খতনার অনুষ্ঠান নিয়ে অ/ভি/মা/ন, ছেলের সঙ্গে ম/নো/মা/লি/ন্যের জেরে মায়ের মৃ/ত্যু


নিজস্ব প্রতিনিধি | ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর মধ্যপাড়া গ্রামে নাতির সুন্নতে খতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে পারিবারিক মতবিরোধের জেরে ছেতেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও স্টমাক ওয়াশ করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ছেতেরা বেগমের নাতি বাইজিদের সুন্নতে খতনা সম্পন্ন হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন নিয়ে ছেলে সুজন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। অভিমান করে তিনি এক আত্মীয়ের বাড়িতে চলে যান। পরদিন বাড়িতে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতে তিনি চালের পোকা দমনে ব্যবহৃত একটি কীটনাশক জাতীয় ট্যাবলেট সেবন করেন। বুধবার সকালে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সুজন জানান, তার জন্মের এক মাস পরই বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি নানাবাড়িতে মায়ের সঙ্গেই বড় হন। সম্প্রতি নিজের একমাত্র ছেলে বাইজিদের সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে পরিবারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সেই অভিমান থেকেই তার মা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, “মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
এদিকে খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক অভিমানের জেরেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
উল্লেখ্য, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।