উপজেলায় উপজেলায় এনসিপির পদযাত্রা: কেন্দ্রীয় নেতৃত্বের সফরসূচিতে বাঞ্ছারামপুর ১৩ জুলাই


নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০০টি উপজেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১৩ জুলাই সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সূত্র ও বাঞ্ছারামপুর উপজেলা প্রধান সমন্বয়ক

মোহাম্মদ মাইনুদ্দি জানান, আগামী সপ্তাহে বাঞ্ছারামপুরের পদযাত্রায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ অংশ নিতে পারেন। তবে তাদের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে তারিখ, স্থান এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে যেসব উপজেলায় ভবিষ্যতে এনসিপি প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকাকেই প্রাধান্য দিয়ে কর্মসূচি সাজানো হয়েছে। বাঞ্ছারামপুরও এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ১২ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও হোমনায়, ১৩ জুলাই বাঞ্ছারামপুর, বিজয়নগর ও আখাউড়ায়, ১৪ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের সিরাজদিখানে, ১৫ জুলাই ফরিদপুর সদর উপজেলা ও পৌরসভায় এবং ১৬ জুলাই মাদারীপুর সদর পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানিয়েছিলেন, উপজেলা ভিত্তিক পদযাত্রার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং সাংস্কৃতিক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।


তবে বাঞ্ছারামপুরে হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের সফর এবং পদযাত্রার বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা দ্রুতই প্রকাশ করা হবে।