ব্রাহ্মণবাড়িয়ায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা এবং ভূমির পরিকল্পিত ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


গত ৪ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুসাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
কর্মশালায় জানানো হয়, মৌজা ও প্লটভিত্তিক ভূমি জোনিং হলো স্যাটেলাইট প্রযুক্তি, জিওস্পেশাল তথ্য এবং ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার প্রতিটি প্লটকে তার প্রকৃতি ও ব্যবহার অনুযায়ী শ্রেণিবিন্যাস করার আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে কৃষিজমি, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বনভূমি, জলমহালসহ বিভিন্ন ধরনের ভূমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার বাস্তবায়নাধীন “মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং” প্রকল্পের মূল লক্ষ্য হলো অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভূমির সর্বোচ্চ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে।
কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ভূমি জোনিং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা, সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।