বাঞ্ছারামপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি প্রকল্পের উপকরণ বিতরণ


মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচজন মৎস্যচাষীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় বাঞ্ছারামপুর সদর, পাহাড়িয়াকান্দি, মানিকপুর, তেজখালী ও আইয়ুবপুর ইউনিয়নের একজন করে মোট পাঁচজন প্রদর্শনী চাষীকে উপকরণ দেওয়া হয়েছে।


উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আক্কাস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহ জালাল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং মৎস্যচাষীদের আয় বৃদ্ধি করতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি চাষীদের দক্ষতা ও সচেতনতাও বৃদ্ধি পাবে।
প্রকল্পের আওতায় নির্বাচিত চাষীদের উন্নতমানের মাছের খাবার, মাছের পোনা, খৈল, চুন ও সার বিতরণ করা হয়। পাশাপাশি পুকুরপাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে প্রদান করা হয়।
উপকরণ পেয়ে সুফলভোগী মৎস্যচাষীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পারিবারিক আয়ও বৃদ্ধি করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।