সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ প্রবাসী মো. হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন
নিজস্ব প্রতিনিধি রোমন হায়দার : সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত বাংলাদেশি প্রবাসী মো. হাসান গত ২৬ জুন (শুক্রবার) থেকে নিখোঁজ রয়েছেন। আজ পর্যন্ত টানা ৭ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় দেশে থাকা পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসান রিয়াদের একটি আবাসিক হোটেলে কর্মরত ছিলেন। গত ২৬ জুনের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তাঁর মা। সন্তানের কোনো খোঁজ না পেয়ে তিনি বারবার আহাজারি করছেন। পরিবারের সদস্যরা দেশ-বিদেশে থাকা পরিচিতজনদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি মো. হাসানের অবস্থান সম্পর্কে সামান্যতম তথ্যও জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৭৭৩-০০২৩১৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরিবারের বিশ্বাস, একজন সচেতন ও মানবিক মানুষের একটি তথ্যই হয়তো তাদের প্রিয় মানুষটিকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। তাই সবাইকে সংবাদটি বেশি বেশি শেয়ার করে প্রবাসী মো. হাসানের সন্ধান পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।