বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর পর সিজারিয়ান অপারেশন চালু জোনায়েদ সাকির প্রতিশ্রুতি বাস্তবায়ন

বাঞ্ছারামপুর প্রতিনিধি |রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর পর পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। প্রথম সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ তিন বছর পর পুনরায় সিজারিয়ান (সি-সেকশন) অপারেশন কার্যক্রম চালু হয়েছে। এর ফলে উপজেলার গর্ভবতী মায়েদের আর বাধ্য হয়ে অতিরিক্ত খরচে ঢাকা বা অন্যত্র যেতে হবে না বলে আশা করছেন স্থানীয়রা।


সোমবার (২৯ জুন) সকালে উপজেলার দরিয়াদৌলত গ্রামের সোমাইয়া আক্তার (২৫)-এর সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ সন্তানের জন্ম হয়। দীর্ঘ বিরতির পর এটিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন।
এর আগে গত ১৩ জুন বাঞ্ছারামপুরে এক জনসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জোনায়েদ সাকি ঘোষণা দিয়েছিলেন যে, খুব শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান ডেলিভারি পুনরায় চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।


উপজেলার সাধারণ মানুষের মতে, এতদিন সিজারিয়ান অপারেশনের জন্য ঢাকাসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হতো, এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তির শিকার হতে হতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা পুনরায় চালু হওয়ায় স্বল্প খরচে স্থানীয়ভাবেই চিকিৎসা পাওয়া সম্ভব হবে।


স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সমন্বয়ের মাধ্যমে নিয়মিত সিজারিয়ান অপারেশন চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাঞ্ছারামপুরের হাজারো গর্ভবতী মা ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন।