ব্রাহ্মণবাড়িয়ায় মাসিক সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
সভায় জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।