বাঞ্ছারামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬: সবুজে ঘেরা ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬”।


“PLANT A TREE TODAY, LET A CHILD BREATHE TOMORROW” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিকুল ইসলাম। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ আমরা যে গাছ রোপণ করছি, তা আগামী দিনের প্রজন্মকে নির্মল বাতাস, ছায়া এবং একটি সুন্দর পরিবেশ উপহার দেবে।”
এ কর্মসূচির অর্থায়ন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্যারিস্টার নাসের খান অপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন মোঃ মমিনুল ইসলাম (সহকারী শিক্ষক, চরলহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোহাম্মদ আলী পলাশ (উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শাহজালাল টিপু (হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়), আছমা জোহান শম্পা, রফান মিয়া (প্রধান শিক্ষক, আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়), বকুল আহমেদ, ঝুটন সরকার, আহাদ খান (দরিয়াদৌলত), আব্দুল্লাহ আল মামুন, মাখন মিয়া, মোজাফফর রহমান, সৈয়দ ওসমান গনি এবং সামছুল আলমসহ অনেকে।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে।
“আজকের একটি গাছ, আগামিকাল আপনার শিশুর শ্বাস-প্রশ্বাস”—এই বার্তাকে ধারণ করে বাঞ্ছারামপুরে শুরু হয়েছে সবুজ ভবিষ্যৎ বিনির্মাণের নতুন প্রত্যয়।