বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনার বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে যুবদল ও ছাত্রদল নেতা আহত


নিজস্ব প্রতিনিধি:মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রামে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক যুবদল নেতা ও এক ছাত্রদল নেতা। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে এবং বিষয়টির সমাধান করতে এগিয়ে আসেন যুবদল নেতা বাবু ও এক ছাত্রদল নেতা। তবে সমাধান বৈঠকের এক পর্যায়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাদের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
হামলায় আহত দুই নেতার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছেন তাদের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।