বাঞ্ছারামপুর রূপসদী ইউনিয়ন বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন বাজার সংলগ্ন বৃন্দাবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বক্কার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভূঁইয়া এবং ফেরদৌস আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


ক্যাম্পেইনের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে গ্রাম আদালতের কার্যক্রম, উপকারিতা, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফেরদৌস আহমেদ ও উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভূঁইয়া।
আলোচনা পর্বের পর গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক নাটিকা ‘মনিরা মনিহারি’ ভিডিও আকারে প্রদর্শন করা হয়। নাটিকাটির মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা এবং সাধারণ মানুষের জন্য এর সহজলভ্য বিচারসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় দেয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।