ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তিন দিনব্যাপী “অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম।

 


অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনায় অফিস পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

 

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অফিস ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, সরকারি বিধি-বিধান এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।