বাঞ্ছারামপুরে জমে উঠেছে বটতুলী কোরবানি হাট, ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর বাজার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এর ছলিমাবাদ ইউনিয়নের হায়দনগর এলাকার বটতুলী বাজারে বসেছে অস্থায়ী কোরবানি পশুর হাট।

শুক্রবার (২২ মে) সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে হাটটি এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, বটতুলী কোরবানি হাট এখন এলাকার মানুষের কাছে বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু, ছাগল, খাসি ও মহিষ নিয়ে হাটে আসছেন। একই সঙ্গে দূর-দূরান্ত থেকে ক্রেতারাও পছন্দের পশু কিনতে ভিড় করছে।


হাটজুড়ে চলছে দরদাম ও কেনাবেচার ব্যস্ততা। ছোট-বড় বিভিন্ন আকারের পশু নিয়ে সাজানো হয়েছে পুরো বাজার। বিক্রেতারা বলছেন, এবার পশুর সরবরাহ ভালো থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি দেখা যাচ্ছে।

অন্যদিকে ক্রেতারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনতে বাজার ঘুরে দেখছেন।
স্থানীয়রা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, বটতুলী কোরবানি হাটে মানুষের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে।