বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে রেফার্ড
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আল-আমিন সরকার (৩৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার্ড করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক নির্যাতনের শিকার হয়ে আল-আমিন সরকার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল এবং তিনি বমি বমি ভাব অনুভব করছিলেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার হোসেন বাঁধন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহতের মাথার সিটি স্ক্যানসহ জরুরি রেডিওলজিক্যাল মূল্যায়ন এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘পুলিশ কেস’ হিসেবে চিহ্নিত করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আল-আমিনের ওপর এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।