সৌদি আরবে বাঞ্ছারামপুরের প্রবাসী সেন্টু আটক, এলাকায় চাঞ্চল্য
স্টাফ রিপোর্টাস মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের বাল্লাকান্দি এলাকার সৌদি প্রবাসী সেন্টুকে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সেন্টু সৌদি আরবের আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সৌদি আরবের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগের কথা প্রচারিত হলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জানা গেছে, আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
সেন্টুর বাড়ি বাল্লাকান্দি বাজারের উত্তর পাশে। তিনি কালিপদের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সেন্টুর বড় ভাই প্রদীপ দাবি করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও মেধার মাধ্যমে সেন্টু সৌদি আরবে আল ফাহাদ কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করছিলেন। তার এই অবস্থানকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অন্যদিকে, সেন্টুর সঙ্গে একই বাসায় বসবাসকারী এক ব্যক্তি ভিন্ন তথ্য দিয়েছেন। তার দাবি, সেন্টু নেশাজাতীয় দ্রব্য সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং সুদে টাকা লেনদেন করতেন। তবে এসব অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।