মেঘনায় মানিকারচর গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলা, জাহাঙ্গীর আলমের উদ্যোগে প্রাণের উৎসব
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:মোহাম্মদ ইমন
গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু বা কাবাডিকে ঘিরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় জমে উঠেছে উৎসবের আমেজ। স্থানীয় মানুষের বিনোদন ও তরুণ প্রজন্মের মাঝে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় এ হাডুডু প্রতিযোগিতার।
স্থানীয় মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন বিএনপির সংগঠক ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তাঁর পক্ষ থেকেও খেলাটির আয়োজনে সহযোগিতা করা হয়।
খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের খেলোয়াড়দের দাপুটে লড়াই, কৌশল ও ছন্দময় আক্রমণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। বিশেষ করে স্থানীয় প্রবীণদের মধ্যে পুরোনো দিনের হাডুডু খেলার স্মৃতি ফিরে আসায় দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।
আয়োজকরা বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি গ্রামীণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আধুনিক প্রযুক্তি ও নানা বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা দেশীয় খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন।
তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও বাড়ে। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে হাডুডুসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করার প্রত্যাশা রয়েছে।