মো রোমন হায়দার বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি//
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মানিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ জন কৃষককে তিল চাষের জন্য জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এছাড়া ১৫০ জন কৃষককে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অন্যদিকে ৭০০ জন কৃষককে আউশ ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খরিপ মৌসুমে কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে।