ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ পিকআপ-প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ২ জন।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে ১৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ দিলদার আহম্মদ (পিতা-রমজান আলী), নলজুড়ি, গোয়াইনঘাট, সিলেটকে গ্রেপ্তার করা হয়।
এরপর একই দিন সকাল ১১টা ২৫ মিনিটে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মোঃ হৃদয় (পিতা-হুমায়ুন কবির), কমলপুর, ভৈরব, কিশোরগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা মাদকদ্রব্য ও যানবাহনগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।