বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে লোডশেডিং নিয়ে প্রশ্ন করায় ক্ষুব্ধ ডিজিএম, কারণ জানতে চায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে ডিজিএমের অসহযোগিতামূলক ও ক্ষুব্ধ আচরণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ চলে গেলে কখন আসবে কিংবা লোডশেডিংয়ের প্রকৃত কারণ কী—এসব জানতে অফিসে যোগাযোগ করলে অনেক সময় সন্তোষজনক উত্তর পাওয়া যায় না।
ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় তারা কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত তথ্য না পেয়ে হতাশ হন। অভিযোগ রয়েছে, ডিজিএম বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন, যা সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ, লোডশেডিংয়ের সময়সূচি এবং সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হোক। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।