বাঞ্ছারামপুরে সাইবার অপরাধের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. সিয়াম (২০)। তিনি উপজেলার হাসাননগর গ্রামের বাসিন্দা।ডিবি পুলিশের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিয়াম বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েব পোর্টাল, ই-মেইল অ্যাকাউন্ট এবং অনলাইন সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে প্রবেশের চেষ্টা করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট আইটি সিকিউরিটি সেল তা শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে নজরদারি শুরু করে। এরপর প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়।
পরে ডিবি পুলিশের একটি দল নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড জব্দ করা হয়। এসব ডিভাইস থেকে বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে একাধিক ওয়েব পোর্টালে অনুপ্রবেশের চেষ্টা এবং কিছু ক্ষেত্রে তথ্য পরিবর্তনের আলামত পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে এবং আরও তথ্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।