বাঞ্ছারামপুরে রাতের আঁধারে শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কলাচাষী আক্তার মিয়া। এ ঘটনায় তার পরিবারে শোক ও আতঙ্ক বিরাজ করছে।শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে বাগানে গিয়ে কলাগাছগুলো কেটে মাটিতে পড়ে থাকতে দেখেন আক্তার মিয়া।ভুক্তভোগী আক্তার মিয়া জানান, প্রায় ২ কানি বা ৬৬ শতাংশ জমিতে কয়েক বছর আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। দেড় লাখ টাকায় জায়গাটি পত্তন (লিজ) নিয়ে সেখানে কলা চাষ করে আসছিলেন তিনি। বাগানে সাগর ও চাম্পা জাতের কলাগাছ ছিল। প্রায় এক বছর আগে লাগানো এসব গাছ বর্তমানে ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল।
তিনি বলেন, ধারদেনা করে গত এক বছরে বাগানের গাছগুলোর পরিচর্যায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো কোনো অস্ত্র দিয়ে বাগানের অধিকাংশ কলাগাছ কেটে ফেলে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।আক্তার মিয়া বলেন, “এটি পরিকল্পিতভাবে আমার আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে বলে আমি মনে করছি।”স্থানীয়রা জানান, হতদরিদ্র আক্তার মিয়ার পরিবারের সদস্য সংখ্যা সাতজন। এই কলাবাগানের ওপর নির্ভর করেই তিনি পরিবারের জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন। গাছগুলো কেটে ফেলার পর রোববার সকালে ক্ষতিগ্রস্ত বাগানে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়।এ ঘটনার পর থেকে আক্তার মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।