বাঞ্ছারামপুরে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ এর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ" বাঞ্ছারামপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমানে মুক্তিযোদ্ধা উপজেলা কমিটির আহ্বায়ক মো: আবদুল করিম এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুলিপি (কপি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নবগঠিত এই কমিটিতে এস.এইচ.জেড শুকড়ী সেলিম চিশতী-কে আহ্বায়ক এবং মো: আশরাফ হোসেন কাজল-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, নবনির্বাচিত আহ্বায়ক এস.এইচ.জেড শুকড়ী সেলিম চিশতী একই সাথে "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ" কমান্ড কাউন্সিলের ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার রক্ষা, পারস্পরিক কল্যাণ এবং দেশ গঠনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডেও এই সংগঠন প্রশাসনের পাশে থেকে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের নবগঠিত কমিটির কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।