ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ নিয়োগ কার্যকর হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত তারিকুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পদাধিকারবলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাকে The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার ক্ষমতাসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা গত বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবনিযুক্ত ইউএনও তারিকুল ইসলামকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৮ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।