বাঞ্ছারামপুরের কৃতি সন্তান মো. এহছানুল হক আরও এক বছর জনপ্রশাসনের সিনিয়র সচিব

মো: রোমন হায়দার (বাঞ্ছারামপুর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কৃতি সন্তান মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়নে তাকে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা মো. এহছানুল হক এর আগে ২০২৫ সালের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পান। নতুন চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তিনি আরও এক বছর একই পদে দায়িত্ব পালন করবেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে মো. এহছানুল হক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ঝালকাঠি জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে কাজ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
মো. এহছানুল হক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. এহছানুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আয়ূবপুর গ্রামের কৃতি সন্তান। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে তার পুনর্নিয়োগে নিজ এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।