বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ আটক ১, জব্দ প্রায় কোটি টাকার বিলাসবহুল গাড়ি

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ, একটি বিলাসবহুল গাড়ি এবং এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।শনিবার (১৪ জুলাই) উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় বাঞ্ছারামপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।আটক ব্যক্তি মো. রাসেল হোসেন (৩৮)।
তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মইনউদ্দিন দুলাল এবং মাতার নাম ফাতেমা বেগম।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালানো হলে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক রাসেল হোসেনকে আটক করা হয়। পাশাপাশি প্রায় কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, "মাদক পাচার ও অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া বিদেশি মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।"তিনি আরও জানান, উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।