ছয়ফুল্লাকান্দিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার নিজাম উদ্দিনের
মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা মানে তাদের স্বপ্নকে আরও শক্তিশালী করা। আমরা চাই ছয়ফুল্লাকান্দির প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের এগিয়ে নিতে আমরা সবসময় সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।